সভায় সভাপতিত্ব করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি জানান, বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন 'ইন্টারন্যাশনাল অফিস' খোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চালু করা হচ্ছে ‘স্টাডি ইন বাংলাদেশ’ নামে একটি অনলাইন পোর্টাল। প্রাথমিক পর্যায়ে ২০টি বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে এতে আন্তর্জাতিক সহযোগিতা, আবাসন, বৃত্তি ও আন্তর্জাতিক অফিস সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করা হবে।
অধ্যাপক ড.আব্দুল্লাহ-আল-মামুন আরও বলেন, "তৃতীয় ভাষা শিক্ষা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। দেশে-বিদেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে।" এ সময় তিনি এই উদ্যোগ সফল করতে বিশ্ববিদ্যালয়গুলোকে মান নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুততম সময়ের মধ্যে ভাষা কেন্দ্র (Language Center) স্থাপন, বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিং এবং প্রয়োজনীয় জনবলের তালিকা ইউজিসিকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সব বিশ্ববিদ্যালয়ে একই ভাষা চালু না করে আঞ্চলিক চাহিদা বিবেচনায় রেখে তৃতীয় ভাষা নির্বাচনের পরামর্শ দেওয়া হয়।
আলোচনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বলেন, "বাকৃবিতে ইতোমধ্যে 'International Language Center BAU' প্রতিষ্ঠা করা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে বর্তমানে জার্মান, চীনা ও জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ করে তুলতে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।