শনিবার (২৯ আগস্ট) এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এ ছাড়া আগামী তিন দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। আগামী একদিন এসব নদীর পানি আরও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর কয়েকটি পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বেড়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। দ্বিতীয় দিন স্থিতিশীল থাকার পর তৃতীয় দিন পানি কমতে পারে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী একদিনও তা স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী চার দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আগামী পাঁচ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এ দুটি নদীর পানি বাড়তে পারে।
এ ছাড়া উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও দুধকুমার নদীর পানি কমেছে। আগামী একদিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন বাড়তে পারে।