দলীয় সূত্রে জানা গেছে, সরকার গঠনের পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। একই সঙ্গে সম্প্রতি স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া চার নতুন সদস্যকে নিয়ে এটিই হবে প্রথম বৈঠক।
নতুন সদস্যরা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি শুনেছেন।
এদিকে দলীয় সূত্রের দাবি, স্থায়ী কমিটির বৈঠক ডাকার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ না দেওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ব্রিকস সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশ নেওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের ব্রিকস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে ভারত। এবারের সম্মেলন নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে।