রোববার (৩০ আগস্ট) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রায় ৫০ হাজার দল এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রতিযোগিতাকে সামনে রেখে প্রতিটি উপজেলায় পাঁচটি করে ফুটবল খেলার মাঠ প্রস্তুত আছে কি না, তা সরেজমিনে পরিদর্শনের জন্য মাধ্যমিক ও থানা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শনের পর মাঠের বর্তমান অবস্থা তুলে ধরে সচিত্র প্রতিবেদন আঞ্চলিক পরিচালকের মাধ্যমে মাউশিতে পাঠাতে হবে।
এ জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানায় প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। মাঠ প্রস্তুতির অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
এদিকে মাউশি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে সারাদেশে প্রথমবারের মতো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতার প্রাথমিক পর্ব উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এরপর জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।