রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতার হাত না বাড়িয়ে আগে সব দাবি পূরণের শর্ত দিলে এবং এরপরও সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিলে সেটিকে সহযোগিতা বলা যায় না।
তিনি বলেন, ‘একতরফাভাবে আপনাদের সব দাবি মানতে হবে, তারপরও আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন না—এটা তো হতে পারে না। আপনারা কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা তা লিপিবদ্ধ করব। আপনাদের সমস্ত বক্তব্য সেই প্রতিবেদনে থাকবে। জাতি আপনাদের বক্তব্য জানতে পারবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে। আবার কিছু প্রস্তাবে সবাই একমতও হতে পারেন। সংবিধানে নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সেটিও বিবেচনা করা হবে।
তিনি বলেন, ‘আমরা খুবই উন্মুক্ত। আশা করি, আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন। আপনারা যখনই অংশগ্রহণ করবেন, আমরা স্বাগত জানাব।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মধ্য দিয়েই জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। তবে সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধান অনুযায়ী সরকারি কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, ‘আপনারা সবকিছুই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে আসবেন না—এটা দুটি বিপরীতমুখী বিষয়।’
বক্তব্যের শেষে হাস্যরস করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি।’