তিনি বলেন, অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের এই উদ্যোগের ফলে যানবাহন সংক্রান্ত সকল তথ্য প্রশাসনের কাছে থাকবে। জেলা পুলিশের এই যুগোপযুগি কার্যক্রমকে আমরা স্বাগত জানাই।
রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে শনিবার বিকেলে শহরের লেক ভিউ গার্ডেন এলাকায় মুল সড়কের পাশে জেলার অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথির বত্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি এড. সাইফুল ইসলাম পনির, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পর্যটন শহরকে রাঙ্গামাটিকে গড়তে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হবে। তিনি বলেন, পৌরসভাকে জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। পর্যটন শহরকে যানজটমুক্ত রাখাসহ শহরকে নিরাপদ রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।
উদ্বোধনী সভা শেষে শহরের সিএনজি এবং মোটর সাইকেলে সচেতনতামুলক স্টিকার লাগানোসহ চালকদের হেলমেট প্রদান করেন পার্বত্য মন্ত্রী।