পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৩ আগস্ট) মীরসরাই থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার মিঠাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সাইদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
স্থানীয় এলাকাবাসী জানান, গ্রেপ্তারকৃত সাইদুল দীর্ঘদিন ধরে মিঠাছড়া ও এর আশপাশের এলাকায় গোপনে মদ ও বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছিল। তার কারণে স্থানীয় যুবসমাজ বিপথগামী হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশের এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকেরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে পুলিশ। উপজেলার কোথাও কোনো মাদক বিক্রি বা সেবনের সুযোগ দেওয়া হবে না। আটক সাইদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত বজায় থাকবে।