নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বে-সরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আকাশ মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। এসময় হিলি থেকে ছেড়ে আসা পাবনা গামী সৌমিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত আকাশকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়। পরে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।