ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ সাইবার হামলাকারীরা ‘চোসেন ব্রিক’ নামের একটি গুপ্তচরবৃত্তির সফটওয়্যার ব্যবহার করেছে।
বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে ‘স্পিয়ার-ফিশিং’ অভিযান চালিয়ে এই সফটওয়্যারের মাধ্যমে ই-মেইল, বার্তা ও অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভিন্নমতাবলম্বী, অধিকারকর্মী ও সাংবাদিকদের মধ্যে যারা ইরানি সরকারের কাছে হুমকি হিসেবে বিবেচিত হন, তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাজ্যে থাকা ব্যক্তিরাও এ হামলার লক্ষ্য ছিলেন।
এনসিএসসি বলেছে, ইরানের শাসকগোষ্ঠী যেসব ব্যক্তিকে নিজেদের জন্য হুমকি মনে করে, তাদের ওপর দমনপীড়ন চালাতে সাইবার কার্যক্রম ব্যবহার করে; এটি প্রায় নিশ্চিত।
তবে যৌথ বিবৃতিতে নির্দিষ্ট কতজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন বা তাদের কাছ থেকে কী পরিমাণ তথ্য চুরি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র : আলজাজিরা