আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গুতেরেস। বিশ্বের বিভিন্ন হুমকির প্রসঙ্গ তুলে এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কথাও জানান জাতিসংঘ মহাসচিব।
গুতেরেস বলেন, ‘টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, শিক্ষার সুযোগ বাড়ানো, স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বাড়াতে এআইয়ের বিপুল সম্ভাবনা রয়েছে।’
তবে ‘এআই তৈরির সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানই এখন সতর্কবার্তা দিচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি। মহাসচিব বলেন, ‘তাদের আশঙ্কা, এআইয়ের উন্নয়ন এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে মানুষের বোঝাপড়ার চেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে।’
গুতেরেস বলেন, এআইকে ঘিরে ভূরাজনৈতিক বিভাজন এবং সেখান থেকে তৈরি হওয়া নানা প্রলোভন সম্পর্কে তিনি অবগত। তবে এআই নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ব ‘নিচের দিকে দৌড়’ চালানোর সামর্থ্য রাখে না।
তিনি আরও বলেন, ‘এআইয়ের ওপর আস্থা তৈরি করতে নিরাপত্তা কাঠামো বা ‘গার্ডরেল’ প্রয়োজন। এসব ব্যবস্থার মাধ্যমে এআইকে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে এবং এর কেন্দ্রে মানবিক মর্যাদাকে রাখতে হবে।’