শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান।
সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। স্থানীয় শিক্ষক আহাদ আলী ও শোহান খান জানান, শনিবার দুপুরে একই গ্রামের ইয়াসমিন, জিসান, শিলা ও মরিয়াম নামে চার শিশু একসঙ্গে পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে যায়।
একপর্যায়ে অসাবধানতাবশত ইয়াসমিন ও জিসান পানিতে ডুবে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেন তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ হাসপাতালে যায়। কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানান, নিহত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।