আজ বিকেলে উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন:
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)
সিন্দুরখান বিজিবি ক্যাম্প কমান্ডার
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্ত এলাকার সর্বস্তরের জনসাধারণ।
সভায় বক্তারা বলেন, সীমান্ত সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই যেন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের মতো ঘটনা না ঘটে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পাশাপাশি, দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সীমান্ত দিয়ে মাদকের চোরাচালান ও অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড দেখলেই তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি বিনীত অনুরোধ জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ জিয়াউর রহমান বলেন,
"সীমান্তের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠন আমাদের যৌথ দায়িত্ব। প্রশাসনের তৎপরতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে পুশইন ও মাদকের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে।"
উপস্থিত সকলে সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।