আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার রিজার্ভ বাজার, নাপ্পিঘাটা, মসজিদ মার্কেট, শান্তিনগর, পৌরসভা এলাকা, নিউ মার্কেট ও শহীদ মিনার এলাকায় বেলা ১৫.০০ ঘটিকা হতে রাত ২৩.০০ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৩৫ (পঁয়ত্রিশ) জন ব্যক্তিকে আটক করে। আটককৃতদের মধ্যে ২১ (একুশ) জন কিশোর এবং ১৪ (চৌদ্দ) জন ব্যক্তি অনলাইন জুয়া, মাদকসেবন ও মাদক কারবারের সাথে জড়িত থাকায় তাদের আটক করা হয়।
আটককৃত ২১ (একুশ) জন কিশোরের মধ্যে পিতা-মাতা ও আত্মীয়-স্বজন কর্তৃক তাদের সংশোধনের নিমিত্তে অনুরোধ করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে ১৯ (ঊনিশ) জন কিশোরের কাছ থেকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের নিকট কোতয়ালী থানার জিডি নং-১৫৫৮, তারিখ-২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মূলে জিম্মায় প্রদান করা হয়।
মাদক কারবার ও মাদক সেবনের সাথে জড়িত অবশিষ্ট ১৬ (ষোল) জন আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।