শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি-মুনাফিকি করেছে, তারা প্রয়োজনে এক হতে পারে।’ স্থানীয় নির্বাচন সামনে রেখে কেউ কেউ ভোটে জয়ী হওয়ার জন্য ‘ফ্যাসিস্টের সঙ্গে আঁতাত’ করার চেষ্টা করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘ওই ফ্যাসিস্টরা যেন আমাদের ভোটে অন্তর্ভুক্ত হতে না পারে, এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘যেখানে সন্ত্রাস, যেখানে অগ্নিসংযোগ, যেখানে ককটেল, যেখানে বোমা, যেখানে ওই ফ্যাসিস্ট, সেখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিহত করতেই হবে।’
তিনি আরও বলেন, সম্প্রতি একটি দলের নেতার বক্তব্যে কারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তা পরিষ্কার হয়েছে। দলীয় ও সরকারের কার্যক্রম মাঠে-ঘাটে, হাটে-বাজারে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে জিয়া পরিবার, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা মামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের সামনে রেখেই দলের কার্যক্রম পরিচালনা করা হবে। হাইব্রিডদের দলে আসার চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা অনুযায়ী ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হবে।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।