শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ফিরোজা নামে এক নারী পথচারী আহত হয়েছেন। তবে প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী অক্ষত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর কিচক ব্রিজের সামনে পৌঁছালে হঠাৎ গাড়ির সামনে চলে আসেন ফিরোজা নামের এক নারী পথচারী।
এ সময় তাকে রক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রীর বহরের মূল গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে নেমে যায়। এতে গাড়িটি ধানক্ষেতে আটকে পড়ে। দুর্ঘটনায় পথচারী ফিরোজা আহত হন।
ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। এদিকে দুর্ঘটনাকবলিত গাড়িটি ধানক্ষেত থেকে তুলে পুনরায় সড়কে নেওয়ার চেষ্টা চলছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রীর কোনো
ক্ষতি হয়নি এবং তিনি আহতও হননি। তিনি সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার সময় সেখানে থাকা এক পথচারী নারী আহত হয়েছেন।