যশোরে জন্মাষ্টমী উদযাপিত
মারুফ কবীর, জেলা প্রতিনিধি,যশোর
|
২০২৬-০৯-০৪ ১৬:১৫
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১২টায় যশোর টাউন হল ময়দান থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে দেশের সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করেন। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে টাউন হল মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং পুলিশ সুপার রফিকুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজকের এই বিশেষ দিনে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। একশ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজে অশান্তি সৃষ্টি ও বিভক্তির রেখা টানতে চায়, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ধর্ম যে নিছকই একটি ব্যক্তিগত বিশ্বাস ও চেতনার বিষয় এই সচেতনতা যদি আমরা সমাজে গড়ে তুলতে পারি, তবেই একটি অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।
আলোচনা সভা শেষে বের হওয়া মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেজপাড়াস্থ সর্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী জেলার বিভিন্ন মন্দির ও প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, কীর্তন, আলোচনা সভা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।