মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার ১ নম্বর রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত পিয়ারা বেগম ওই এলাকার মৃত আজাহার পেদার মেয়ে এবং মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন একই এলাকার আবদুস সালামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। পারিবারিক বিষয় নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে আল আমিনের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আল আমিন লাঠি দিয়ে পিয়ারা বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক পিয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।