বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়কামতা গ্রামের মো. শাহ-আলম মিয়ার একমাত্র সন্তান।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত বুধবার সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার একটি মাদ্রাসার ইসলামিক জলসায় অতিথি হিসেবে অংশ নেন মুফতি জাহিদ। প্রোগ্রাম শেষ হতে গভীর রাত হয়ে যাওয়ায় তিনি রাতে ওই মাদ্রাসাতেই অবস্থান করেন।
এরপর আজ সকাল ১০টার দিকে নিজের মোটরসাইকেল নিয়ে কুমিল্লার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। মোটরসাইকেলটি মহাসড়কের পিরোজপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে মহাসড়কে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেন তার শ্বশুর। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। আবেগাপ্লুত কণ্ঠে নিহতের শ্বশুর বলেন, আমার মেয়ের জামাই গতকাল প্রোগ্রামে এসেছিল। সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন দিয়ে জানাল এই মর্মান্তিক খবর। আমার ৪ বছরের একটি নাতনি আছে, আর মেয়েটি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। এই অবুঝ শিশু আর অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব? আমি এই দুর্ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ জানান, দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করা সম্ভব হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।