ফলে শিরোপার হিসাবে মেসি এখন রোনালদোর চেয়ে ১০টি ট্রফিতে এগিয়ে।
মেসির ক্যারিয়ারের বড় একটি অংশজুড়ে রয়েছে জাতীয় দলের সাফল্য। আর্জেন্টিনার হয়ে তিনি ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন। এর পাশাপাশি ২০২২ ফিনালিসিমা, ২০০৮ অলিম্পিক গেমস এবং ২০০৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও রয়েছে তাঁর শিরোপার তালিকায়।
ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ৩৫টি এবং পিএসজির হয়ে তিনটি শিরোপা জিতেছেন মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তাঁর ট্রফি ক্যাবিনেটে যুক্ত হয়েছে আরও চারটি শিরোপা—২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড, ২০২৫ এমএলএস কাপ এবং ২০২৬ ক্যাম্পেওনেস কাপ।
তবে মেসির শিরোপার সংখ্যা নিয়ে কিছু পরিসংখ্যানভিত্তিক তালিকায় ৪৯টির হিসাবও দেখা যায়। এর কারণ ২০২৫ সালের ইস্টার্ন কনফারেন্স শিরোপা গণনার পার্থক্য। ইন্টার মায়ামি এটিকে ক্লাবের একটি ট্রফি হিসেবে উল্লেখ করলেও কিছু তালিকায় এটিকে আলাদা জাতীয় বা আন্তর্জাতিক ক্লাব শিরোপা হিসেবে গণনা করা হয় না। এ কারণে আনুষ্ঠানিক হিসাবে মেসির শিরোপা ৪৮টি ধরা হচ্ছে।
অন্যদিকে, ইউরোপের অধ্যায় শেষ করে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে দীর্ঘ সাফল্যময় ক্যারিয়ারের পর সৌদি ফুটবলেও শিরোপা জিতেছেন তিনি।
রোনালদোর শিরোপার তালিকায় রয়েছে ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগ। পর্তুগালের হয়ে তিনি জিতেছেন ২০১৬ ইউরো এবং ২০১৯ ও ২০২৫ নেশন্স লিগ।
ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদের হয়ে ১৬টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০টি, জুভেন্টাসের হয়ে পাঁচটি এবং শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে একটি শিরোপা জিতেছেন রোনালদো।
সর্বাধিক শিরোপাজয়ী ফুটবলারদের তালিকাতেও মেসির অবস্থান উল্লেখযোগ্য। তাঁর ৪৮টি শিরোপার বিপরীতে দানি আলভেসের সংগ্রহ ৪৩টি।
মাঠে মেসি ও রোনালদোর সরাসরি দ্বৈরথ এখন আগের মতো নিয়মিত না হলেও ক্যারিয়ারের অর্জনের হিসাবে তাদের প্রতিদ্বন্দ্বিতা এখনো আলোচনায়। সর্বশেষ হিসাব অনুযায়ী, শিরোপায় মেসি ৪৮ এবং রোনালদো ৩৮।