একের পর এক হারে নিঃসন্দেহে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বাড়িয়ে দিলো। ইংলিশ প্রিমিয়ার লিগেও তার দল ৪ ম্যাচে ১টি করে জয় ও ড্রয়ের পর পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে রয়েছে। তিন দিন আগে ১০ জনের ম্যানচেস্টার সিটির কাছে বিতর্কিত ও যন্ত্রণাদায়ক হারের পর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেও রেড ডেভিলরা হারের বৃত্ত ভাঙতে ব্যর্থ। নিজেদের ভুলেই তারা ম্যাচটি হাতছাড়া করেছে।
প্রিমিয়ার লিগ যুগে (১৯৯২-৯৩ মৌসুম থেকে) সব প্রতিযোগিতা মিলিয়ে এই প্রথম ঘরের মাঠে দুই গোলের লিড নিয়েও কোনো ম্যাচ হারল ম্যানচেস্টার ইউনাইটেড। ৫০ বছর আগে (১৯৭৬ সালে) টটেনহ্যামের কাছে ৩-২ গোলে হারের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটল।
যদিও ব্রাইটনের বিপক্ষে ম্যাচটিতে স্বপ্নের শুরু করেছিল ইউনাইটেড। একাডেমির খেলোয়াড় শিয়া লেসি নিজের প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল করেন। গোলের পর ব্যাজে চুমু দেন তিনি। এর ঠিক একদিন আগে ১৫ বছর বয়সী প্রতিভা জেজে গ্যাব্রিয়েল ক্লাব ছাড়ার অনুরোধ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছিল।