বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে দুটি প্যানেলে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি-সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’ থেকে সাতজন প্রার্থী অংশ নেন। অপরদিকে চারজন প্রার্থী পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তাঁদের কোনো আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। নির্বাচনে অংশ নেওয়া ওই প্রার্থীদের এনসিপি-সমর্থিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘোষিত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়েত হোসেন চৌধুরী পেয়েছেন ২৫ ভোট। সেক্রেটারি পদে মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট।
সদস্য পদে বিএনপি-সমর্থিত মো. কফিল উদ্দিন আহমেদ ৪২৪, শফিকুল ইসলাম বেবু ৪২৭, মো. জহরুল আলম ৪২৬, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ৪৩১ এবং হাসান জুবায়ের হিমেল ৪৩৩ ভোট পেয়েছেন।
অপরদিকে এনসিপি-সমর্থিত মো. মাসুম মিয়া ৩৬, মাহমুদুল হাসান ২৪ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মতিয়ার রহমান ১৬ ও নাহিদ হাসান ২৮ ভোট পেয়েছেন।
নির্বাচনে বিজয়ী সেক্রেটারি ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দীর্ঘদিন পর রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচন হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নির্বাচনে সদস্যরা যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তার মর্যাদা রাখতে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করে দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হবে নতুন পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য।
কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আনোয়ার হোসেন মন্ডল বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।
প্রায় ৩০ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে রেড ক্রিসেন্টের সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ফলাফল ঘোষণার পর বিএনপি-সমর্থিত প্যানেলের প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নতুন কার্যনির্বাহী পরিষদ রেড ক্রিসেন্টের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা।