শনিবার (১৮ জুলাই) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আলোকিত তারাই যারা জাতীয় জীবনের বিভিন্ন অঙ্গনে শক্তিমান নেতৃত্ব দিয়ে জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যাদের নিরঅহংকার জ্ঞান, প্রজ্ঞা, সততা এবং কর্ম মানুষকে সত্যিকারের মানুষ হতে অনুপ্রাণিত করে তারাই আলোকিত মানুষ। যারা সুদূর বিলেতে থেকেও বিভিন্ন ক্ষেত্রে আলো ছড়িয়ে আলোকিত করেছেন জীবন, তাদের কর্ম দক্ষতা দেখে অনুপ্রানিত হতে পারে আগামী প্রজন্ম। এই উদ্দেশেই "বিলেতে আলোকিতজন" বইটি সম্পাদনা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, বইটির যতটুকু পড়েছি, তাতে প্রতিটি অধ্যায়ে গবেষণার ছাপ স্পষ্ট। লেখক দেশি-বিদেশি বিভিন্ন সূত্র ও রেফারেন্স ব্যবহার করেছেন, যা বইটির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করেছে।
আর এই আয়োজন শুধু একটি গ্রন্থের মোড়ক উন্মোচন নয়, বরং বিলেতে থাকা বাংলাদেশের আলোকিতজনদের রাষ্ট্রচিন্তা,গবেষণার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা। ভবিষ্যতে আরও প্রাথমিক দলিল, আন্তর্জাতিক গবেষণা এবং তুলনামূলক বিশ্লেষণ যুক্ত হলে গ্রন্থটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বিলেতের আলোকিতজন বইয়ের লেখক, সংগঠক, বিশিষ্ট সাংবাদিক ফখরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও পাঠ আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য কবি প্রিন্সিপাল কালাম আজাদ, বর্ষীয়ান সাংবাদিক, লেখক ও বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কবি, গল্পকার ও সমাজচিন্তক সালেহ আহমদ, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক সিলেটের মানচিত্র'র সম্পাদক ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লেখক মোঃ নুরুজ্জামান, বিজ্ঞানকবি ও সমাজচিন্তক হাসনাইন সাজ্জাদী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তাজুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেলাল আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন টিআইবি সিলেট-এর সাবেক সভাপতি সমিক শহীদ জাহান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি মুহিত চৌধুরী, নাগরি গবেষক মফিক মুহাম্মদ, কবি ফুয়াদ বিন রশিদ, সাংবাদিক আনিস মাহমুদ, কবি জান্নাত আরা খান পান্না, কবি আব্দুল বাছিত প্রমুখ। অনুষ্ঠানে লেখক পরিচিতি পাঠ করেন মুনতাহা নাজাত ও হুমায়রা মেহজাবিন কানিজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মাহিমা আক্তারসহ প্রমুখ।
সম্মানিত অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য কবি প্রিন্সিপাল কালাম আজাদ বলেন, ফখরুল আলম নিজের কমিউনিটিকে ধারণ করেন দৃঢ়ভাবে। এই ধ্যানকে সামনে রেখে বিলেতের বাঙালি কমিউনিটির আলোকিত মানুষদেরকে নিয়ে লিখেছেন, এ জন্য তিনি প্রশংসার দাবিদার।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক প্রকৌশলী ফখরুল আলম উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বইটির লিখনী ও পেছনের অনুপ্রেরণার কথা তুলে ধরেন।