অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সব কাজের বিরোধিতা করেছে জামায়াত। জনমনে ধোঁয়াশা তৈরি করতেই বিরোধী দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি দাবি করেন, জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণে জামায়াত মানুষের আস্থা অর্জন করতে পারেনি।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পতিত সরকারের পাশাপাশি বিরোধী দলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
রিজভী বলেন, বিরোধী দলের কর্মসূচিতে কোনো ধরনের বাধা না দেওয়াই প্রমাণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াত একত্র হয়ে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।