ভুক্তভোগী শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরী (৪৬) শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা এবং ৩৮ নম্বর এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিদ্যালয় ছুটির পর ভ্যানে করে বাড়ি ফেরেন কৃষ্ণা রানী। বাড়িতে প্রবেশের সময় পেছন থেকে এক ব্যক্তি তার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হলেও পরে জোর করে চেইনটি ছিঁড়ে নিয়ে যান তিনি। এ সময় শিক্ষিকার হাতে থাকা ছোট ব্যাগটিও ছিনিয়ে নেওয়া হয়। ব্যাগে ৮ হাজার টাকা ছিল।
অভিযোগে বলা হয়েছে, ছিনিয়ে নেওয়া চেইনটির ওজন এক ভরি দুই আনা। এর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছেন কৃষ্ণা রানী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাড়িতে প্রবেশের সময় এক ব্যক্তি পেছন থেকে কৃষ্ণা রানীর কাছে গিয়ে তার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে চেইন ছিঁড়ে নিয়ে দ্রুত চলে যান তিনি। কিছুটা দূরে আরেক ব্যক্তি একটি গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। পরে ওই গাড়িতে করে তারা পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর কৃষ্ণা রানী থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা সম্ভব হলে তাদের আইনের আওতায় আনা হবে।’