মাঠে নেপালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুর্যোগের সময়ে মানবিকতার জায়গা থেকেই নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেট। প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে শোক প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। হিমালয় অঞ্চলের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর সৃষ্ট বন্যায় বিভিন্ন শহর ও উপত্যকা প্লাবিত হয়েছে। এতে মুহূর্তের মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে অসংখ্য মানুষের জীবন।
নেপালের এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছে বিসিবি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালকে (ক্যান) মেনশন করে একটি ফটোকার্ড প্রকাশ করে তারা। কালো ব্যাজের মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানানো হয়।
বিসিবির বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর অত্যন্ত হৃদয়বিদারক। এই কঠিন সময়ে নেপালের জনগণ এবং আমাদের বন্ধু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের জন্য দোয়া করছি।’
ফটোকার্ডের সঙ্গেও নেপালের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিসিবি। পোস্টের শেষে ‘নেপালের জন্য দোয়া’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়।
বিসিবির পাশাপাশি ব্যক্তিগতভাবেও নেপালের মানুষের জন্য প্রার্থনা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালের ভয়াবহ পরিস্থিতির ছবি ও খবর শেয়ার করে সমবেদনা জানান।
তাসকিন আহমেদ তার অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘নেপালের হৃদয়বিদারক দৃশ্য। যারা এখনো বিপদে আছেন, সৃষ্টিকর্তা যেন তাদের রক্ষা করেন। নেপালের জন্য দোয়া করুন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে নেপালের দুর্যোগের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। কোথাও পানির স্রোতে তলিয়ে গেছে ঘরবাড়ি, আবার কোথাও ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনপদ।
এ অবস্থায় উদ্ধারকাজের পাশাপাশি নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।