আজ শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাব পরিদর্শন ও সামসুদ্দিন মোল্লা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘মানুষের সেবা করে তাদের ভালোবাসা ও সম্মান অর্জন করাই আমাদের পরিবারের আসল ক্ষমতা। আমার ছয় পুরুষ মানুষের ভালোবাসা নিয়েই আমাদের নেতৃত্ব ধরে রেখেছে। আমরা কখনো ক্ষমতা দেখাইনি। মানুষের ভালোবাসা ও দোয়াই আমাদের আসল ক্ষমতা।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানান। তাঁর ভাষ্য, স্বাধীনভাবে এবং নির্ভয়ে সত্য ও সঠিক তথ্য তুলে ধরা একজন সংবাদকর্মীর দায়িত্ব।
তিনি বলেন, ‘ফরিদপুরের সাংবাদিকদের আরও সাহসের সঙ্গে সঠিক তথ্য তুলে ধরতে হবে। সবাই স্বাধীনভাবে সাংবাদিকতা করবেন।’
নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে নায়াব ইউসুফ বলেন, তাঁকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। তবে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস এবং ন্যায় ও আদর্শের পথে থাকার কারণে তিনি সব সময় দৃঢ় ছিলেন।
তিনি বলেন, ‘আমি এমন রাজনীতি করি না, যেখানে আমি ও আমার দলের নেতারা হাসিমুখে থাকব আর ফরিদপুরবাসী দুঃখভরা মুখ নিয়ে থাকবে।’
ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের সমস্যা গণমাধ্যমে স্বাধীনভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছে। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
নায়াব ইউসুফ বলেন, ‘আপনারা ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কথা স্বাধীনভাবে লিখবেন। আমরা সবাই মিলে একটি সুন্দর ফরিদপুর গড়ে তুলব—এটাই আমার স্বপ্ন।’তিনি সাংবাদিকদের পাশে থাকার আশ্বাসও দেন।
সভায় উপস্থিত কয়েকজন সাংবাদিক সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দেখানো পথ অনুসরণ করে চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে ফরিদপুরের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের একটি অংশ ফরিদপুর প্রেসক্লাবের বর্তমান কার্যক্রম নিয়েও বিভিন্ন মতামত তুলে ধরেন। তাঁদের কেউ কেউ প্রেসক্লাবের কার্যক্রমে অনিয়ম, পক্ষপাতিত্ব ও সাংবাদিকদের মধ্যে বৈষম্যের অভিযোগ করেন।
তাঁদের বক্তব্য, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা এবং সমাজের সমস্যা, সম্ভাবনা ও বাস্তব চিত্র তুলে ধরা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে অন্য সংবাদকর্মীরা পেশাগতভাবে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।
অভিযোগ উত্থাপনকারী সাংবাদিকেরা বিষয়গুলো খতিয়ে দেখে সাংবাদিকদের জন্য স্বাধীন ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভায় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।