মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বগুড়া সদরের চেলোপাড়া এলাকার নবাববাড়ি সড়কে অবস্থিত ‘মুন কাচ্চি অ্যান্ড মুন ফুচকা’ কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। তিনি জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাকিব হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানায় প্রবেশ করেই অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র চোখে পড়ে। ফুচকার ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লা লেগে ছিল। এসব পরিষ্কার না করেই একই টেবিলে খাদ্য প্রস্তুতের কাজ চলছিল। এছাড়া ফুচকা উৎপাদনে খাদ্যের জন্য নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযানকালে আরও দেখা যায়, কারখানার কর্মীরা স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার ন্যূনতম নিয়মও মানছিলেন না। অপরাধের বিষয়গুলো স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদনকারী সব প্রতিষ্ঠানকে প্রচলিত আইন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে বগুড়া নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।