শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ ও মদিনার কাছে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বাহিনী। সৌদি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, হামলায় পাইপলাইনটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মেরামতের আগে এটি পুনরায় চালু করা সম্ভব নয়।
প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি সৌদি আরবের তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় সৌদির জন্য পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছে। এই পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন করে লোহিত সাগর হয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ পায় দেশটি।
এদিকে হুথিদের হামলার সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও ঊর্ধ্বমুখী। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুতকারী দেশ সৌদি আরব। একসময় বৈশ্বিক জ্বালানি চাহিদার বড় একটি অংশ দেশটি সরবরাহ করলেও বর্তমানে সৌদি আরব বিশ্বব্যাপী মোট তেল চাহিদার প্রায় ৫ থেকে ৬ শতাংশ সরবরাহ করে।
হুথিদের এই হামলার ফলে সৌদি আরবের তেল সরবরাহ ও রপ্তানি ব্যবস্থায় নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় পাইপলাইনটি বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।