রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মো. আবদুত তাওয়াব, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন ও যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু।
এ ছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক এফএম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধে অভিযান জোরদার এবং শহরের যানজট নিরসন নিয়ে আলোচনা হয়।
এ সময় শহরের অবৈধ পার্কিং বন্ধ, গুরুত্বপূর্ণ সড়কে স্পিডব্রেকার, সাইন ও সিগন্যাল স্থাপন এবং অম্বিকা হল ও কোর্ট চত্বর এলাকায় বখাটেদের উৎপাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশি টহল বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়িচালকদের ডোপ টেস্ট, গণপরিবহনের ফিটনেস নিয়মিত পরীক্ষা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় মহাসড়কে ইজিবাইকসহ থ্রি-হুইলার চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া জোবাইদা ফিলিং স্টেশনের সামনের যানজট নিরসনে সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ ফরিদপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।