সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে বাল্য বিয়ের শিকার ৩০ ছাত্রীর শিক্ষা জীবন শেষ

ফেনীর সোনাগাজীতে বাল্য বিয়ের শিকার ৩০ ছাত্রীর শিক্ষা জীবন শেষ

ফেনীর সোনাগাজীতে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৪১জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে ৩০ জন ছাত্রী ও ১১জন ছাত্র। ছাত্রীদের সবার বাল্যবিবাহ হয়েছে। ছাত্রদের মধ্যে ৬ জন বিদেশে, দুজন চাকুরিতে যোগ দিয়েছে।

ফেনীর সোনাগাজীতে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৪১জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এর মধ্যে ৩০ জন ছাত্রী ও ১১জন ছাত্র। ছাত্রীদের সবার বাল্যবিবাহ হয়েছে। ছাত্রদের মধ্যে ৬ জন বিদেশে, দুজন চাকুরিতে যোগ দিয়েছে। অন্য তিনজনের খবর পাওয়া যায়নি। শিক্ষকেরা বলছেন, অভিভাকেরা ভুয়া জন্মসনদ তৈরী করে রেজিষ্ট্রি ছাড়া মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছেন। সামাজিক সচেতনতা ও বাল্যবিবাহ ঠেকাতে না পারলে শিক্ষার্থীদের ঝড়ে পড়া কোনো ভাবেই রোধ করা সম্ভব হবে না। চলতি বছর উপজেলা প্রশাসন মাত্র দুটি বাল্যবিবাহ ঠেকালেও পরবর্তীতে রাতের আধারে বিয়েটি সম্পন্ন হয়ে যায়।

চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয় থেকে ৯৯জন ছাত্রী ফরম পূরণ করেছিল। প্রায় সব শিক্ষার্থী প্রবেশপত্র নিতে বিদ্যালয়ে এলেও সদর ইউনিয়নের একজন ছাত্রী আসেনি। শিক্ষকেরা ওই ছাত্রীদের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলেন, মেয়েদের বিয়ে হয়ে গেছে। সে এখন স্বামীর বাড়িতে আছে। বাল্য বিয়ের শিকার হয়ে বিদ্যালয়টির আরও একছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করছে না।

উপজেলায় গত বছরও ৪৮জন এসএসসি পরীক্ষার্থী বাল্য বিবাহের শিকার হয়েছিল। এমন ঘটনা আগেও ছিল এখনও আছে। উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০জন ছাত্রী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। শিক্ষকেরা বলছেন, এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করার পর গত চার মাসে ওই সব ছাত্রীর অধিকাংশের বিয়ে হয়ে গেছে। তবে বাল্যবিয়ের শিকার হলেও পরীক্ষা কেন্দ্রগুলোতে অন্তত শতাধিক বিবাহিত ছাত্রীকে পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলায় ২৪টি বিদ্যালয় থেকে নিয়মিত ১ হাজার ৬৭৫ জন এবং ১৯টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৮৭৩ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় প্রথম থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪১জন শিক্ষার্থী অংশ নেয়নি। এর মধ্যে ৩০জন ছাত্রী ও ১১জন ছাত্র রয়েছে। অনুপস্থিত ছাত্রীদের মধ্যে এসএসসিতে ১৫ ছাত্রী ও দাখিলে ১৫ জন ছাত্রী রয়েছে। অনুপস্থিত ১১ ছাত্রের মধ্যে কেউ বিদেশে, কেউ চাকরি করছে। পরীক্ষায় অনুপস্থিত ৩০জন ছাত্রীরা বিভিন্ন সময়ে বাল্য বিয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ছাত্ররা বিদেশসহ পরিবারে প্রয়োজনে লেখাপড়া ছেড়ে দিয়ে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে কাজ করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া তথ্য মতে, এসব ছাত্রীর বয়স ১৪ থেকে ১৭ বছর। বেশির ভাগ শিক্ষকের অভিমত, বাল্যবিবাহের প্রকৃত সংখ্যা তাঁদের কাছে থাকা তথ্যের চেয়ে আরও বেশি। অনুসন্ধানে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ না নেওয়া অন্তত ৩০ ছাত্রীর বাল্যবিয়ের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। তবে এদের মধ্যে কয়েকজন পালিয়ে বিয়ে করায় পরীক্ষায় অংশ নেয়নি।

উপজেলার গ্রামগুলোতে বাল্যবিবাহের ঘটনা ঘটছে উল্লেখ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন, ‘চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় ৩০ জন ছাত্রী অংশ নেয়নি। বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় খোঁজ নিয়ে জেনেছি, ওই ছাত্রীদের অধিকাংশ বাল্যবিবাহের শিকার।’

বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে এসএসসি নির্বাচনী পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, তারা পরীক্ষা দেওয়ার জন্য গত নভেম্বরে ফরম পূরণ করে। পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পর চলতি এপ্রিলে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের প্রবেশপত্র আসে।

বিবাহিত এক ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়ে লেখাপড়ায় মোটামুটি ভালো ছিল। চলতি বছর একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষাও দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কাতার প্রবাসী একজন পাত্র পাওয়ায় তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। ওই সময় ছেলেরা বলেছিলেন, মেয়েকে তাঁরা পড়াবেন। কিন্তু পরীক্ষার সময় গণিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা পড়াবে না বলে, তার পড়া বন্ধ করে দেয়। মেয়েটি পরীক্ষা দিতে অনেক কান্নাকাটি করেছিল। কিন্তু শ্বশুর পরিবার রাজি না হওয়ায় পরীক্ষায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি।

নাজিম উদ্দিন নামে আরেক পরীক্ষার্থী ছাত্রের বাবা আলা উদ্দিন বলেন, বয়সের কারনে তিনি আর কাজ কর্ম করতে পারেন না। তাঁই বড় আর কোন ছেলে না থাকায় নাজিমকে পরিবারের হাল ধরতে রমজানের ঈদের পর বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এখন তাঁর পাঠানো টাকায় সংসার চলে।

জানতে চাইলে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, ‘এ বছর আমাদের বিদ্যালয়ের দু-তিনজন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। তাদের প্রত্যেকের বাল্যবিবাহ হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম বাল্যবিবাহ ঠেকানোর। কিন্তু পরিবারের অসহযোগিতায় তা আর পারা যায়নি।’

তিনি বলেন, ২০২১সালে করোনা কালে তাঁর স্কুলের প্রায় শতাধিক ছাত্রী বাল্যবিয়ে শিকার হয়েছিল। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছিল ৮৩জন। তাঁরা পরীক্ষায়ও অংশ নেয়নি। তবে বর্তমানে তাঁদের কঠোর তদারকির কারণে অনেক মেয়ের গোপনে বিয়ে হয়ে গেলেও পরিবারকে বুঝিয়ে ছাত্রীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।

বাল্যবিবাহের এমন আরেক ঘটনা আছে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে। ওই ইউনিয়নের একটি মাদ্রাসার তিন কিশোরী। এদের একজন গত বছর পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছিল। দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তারা যথারীতি ফরম পূরণ করে। কিন্তু গত জানুয়ারি ও ফেব্রয়ারী মাসে দুজনের এবং দুই বিষয়ে ফেল করা ছাত্রী চলতি মাসে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এতে করে সে ছাত্রীরা আর পরীক্ষায় অংশ নেয়নি।

জানতে চাইলে সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থী বাল্য বিবাহের শিকার হয়েছে। বিয়ের পরে আমরা জেনেছি। ওই ছাত্রীদেরকে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তার স্বামী ও শ্বশুর পরিবারের আপত্তির কারণে তারা আর পরীক্ষা দিতে পারেনি।’

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী, বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে ইউএনও এবং ইউনিয়ন পর্যায়ের কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান। সমাজের গণ্যমান্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই কমিটির সদস্য।

বাল্য বিবাহ ঠেকাতে উদ্যোগের বিষয়ে জানতে চাইলে উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহিরুল আলম বলেন, ‘ঘটনাগুলো গোপনে ঘটে। যখন খবর পাই, তখন আটকানোর পদক্ষেপ নিই। বিবাহ রেজিস্ট্রি করার কাজিদের নিষেধ করা হয় বাল্য বিবাহ সম্পন্ন না করার জন্য। তারপরও বাল্য বিবাহ থামানো যাচ্ছে না।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার বলেন, এ উপজেলায় আগে থেকেই বাল্য বিয়ের প্রবণতা রয়েছে। তবে বাল্য বিয়ের খবর পাওয়া মাত্রই প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে তা বন্ধ করা হয়। কিন্তু পরে শোনা যায়, রাতের বেলায় মসজিদ বা অন্যত্র ওই ছাত্রীর বিয়ে হয়ে গেছে। অল্প শিক্ষা এবং সচেতনতার অভাবে গ্রামঞ্চলে বেশি বাল্য বিয়ে হয়ে থাকে। তাঁর কার্যালয়ের পক্ষ থেকেও উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকসহ নানা কর্মসূচী পালন কালে সবাইকে বাল্য বিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করা হয়।

তিনি আরও বলেন, চলমান এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রের তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছে। পরীক্ষায় অনুপস্থিত চার ছাত্রীর সম্পর্কে তথ্য নিয়ে জানতে পারেন। তাদের সবার বিয়ে হয়ে গেছে। তারা স্বামীর বাড়িতে অবস্থান করছেন। মুঠোফোনে যোগাযোগ করলে তারা পরীক্ষায় অংশ নেবে না বলে আর ফোন না করতে জানিয়ে দেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, ‘৩০ ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি এমন তথ্য পেয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। আর বাল্যবিবাহ বন্ধ করতে প্রশাসন তৎপর রয়েছে। এ ক্ষেত্রে সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।’

তিনি আরও বলেন, ইউপি চেয়ারম্যান ও সচিব, কাজীসহ সংশ্লিষ্টদেরকে জন্মসনদে বয়স না বাড়াতে নিদের্শনা দেওয়া হয়েছে।

আরও

বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন

সারা দেশ

বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন

২৪ ঘণ্টা আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর প্রথম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে...

২০২৬-০৪-২৭ ১৩:৫৫

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের দল থেকে বহিষ্কার করা হবে- কেসিসি প্রশাসক

সারা দেশ

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের দল থেকে বহিষ্কার করা হবে- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসন নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা প্রেসক্লাবে অনধিকার প্রবেশ করে যারা সাংবাদিকদের উপর হামলা...

২০২৬-০৪-২৭ ১৩:৫২

নারায়ণগঞ্জের সাত খুনের ১২ বছর পরও আপিল বিভাগে ঝুলে আছে চূড়ান্ত নিষ্পত্তি, মানববন্ধন

সারা দেশ

নারায়ণগঞ্জের সাত খুনের ১২ বছর পরও আপিল বিভাগে ঝুলে আছে চূড়ান্ত নিষ্পত্তি, মানববন্ধন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও বিচার কাজ শেষ হয়নি। ২০১৪ সালের ২৭ এপ্রিল সংঘটিত এই লোমহর্ষক হত...

২০২৬-০৪-২৭ ১৩:৪৮

ধামরাইয়ে ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, বিক্রির অর্থ জমা সরকারি কোষাগারে

সারা দেশ

ধামরাইয়ে ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, বিক্রির অর্থ জমা সরকারি কোষাগারে

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব জ্বালানি সরকারি নির্ধারিত...

২০২৬-০৪-২৭ ১১:৪৩

ভারতের ভোটে ৩ দিন বন্ধ দর্শনা-গেদে সীমান্তে, বিদেশি যাত্রী পারাপার স্থগিত, জরুরি ক্ষেত্রে বিশেষ ছাড়

সারা দেশ

ভারতের ভোটে ৩ দিন বন্ধ দর্শনা-গেদে সীমান্তে, বিদেশি যাত্রী পারাপার স্থগিত, জরুরি ক্ষেত্রে বিশেষ ছাড়

ভারতের পশ্চিমবঙ্গে ভোটগ্রহণকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টানা তিন দিনের জন্য দর্শনা-গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন ক...

২০২৬-০৪-২৭ ১১:৪১