স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) ফেনী পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চাড়িপুরে পাওয়া গেছে এ নবজাতককে। কান্নার শব্দ শুনে এক নারী এগিয়ে গিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে নবজাতকটিকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চান। পরে ফেনী মডেল থানার সাব ইন্সপেক্টর মনোয়ম শাহারিয়া ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে।
ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ উপ-পরিদর্শক নয়ন চন্দ্র দাস জানান, পুলিশের সহযোগিতায় একজন নারী পথচারী তাকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে স্বেচ্ছাসেবী সংগঠক ও ফেনী জেনারেল হাসপাতালের কুইক রেসপন্স টিমের সংগঠক জয় আবির জানান, শিশুটি বর্তমানে আমাদের তত্ত্বাবধানে ফেনী জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রোকনুদ্দৌলা জানান, নবজাতকটির শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে সুস্থ করতে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
"শহরের চাঁড়িপুরের ঝোপ থেকে শিশু উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, 'ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। শিশুটি কীভাবে ঝোপের মধ্যে এল, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' "
এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অমানবিক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই নবজাতকের সুস্থতা ও ফেলে যাওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।