ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল। চতুর্থ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে গোল করেন সারিজ। মায়ামি সমতায় ফেরে ম্যাচের ১৯ মিনিটে, সেখানে ভূমিকা ছিল মেসির। মেসির নেওয়া বাঁকানো কর্নার কিক ন্যাশভিল ডিফেন্ডার রিড বেকার হোয়াইটিংয়ের মাথায় লাগে। এতে বলটি দিক পরিবর্তন করে নিজেদের জালে জড়ায়।
ম্যাচের ৬২ মিনিটে মেসি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের দারুণ এক বাঁকানো শটে গোলটি করেছেন রদ্রিগো ডি পলের পাস থেকে। মেসির এই গোল মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিলের বিপক্ষে মেসির গোল এখন ১৭টি।
ম্যাচে অবশ্য মেসির আরও গোল পাওয়ার সুযোগ ছিল। ৫০ মিনিটে তার শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে আরেকটি শট লাগে পোস্টে। আর ম্যাচের শেষ দিকে মেসির একটি শট ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস মাথা দিয়ে ক্লিয়ার করেন।
৯১তম মিনিটে গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান সারিজ। এতেই জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি মেসির।
ইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের সঙ্গে এখনো মায়ামির পয়েন্টের পার্থক্য ৯, হাতে ম্যাচ আছে ৯টি। এই মৌসুমে ন্যাশভিলের বিপক্ষে চার ম্যাচ খেলেও একটিতেও জিততে পারেনি মায়ামি। মৌসুমের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও মায়ামিকে বিদায় করেছিল ন্যাশভিল।