শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্য অর্জনে দেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি যাত্রী ও কার্গো ব্যবস্থাপনা, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং পর্যটন খাতের উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, একটি আধুনিক এভিয়েশন হাব গড়ে তুলতে উন্নত বিমানবন্দর, কার্গো ব্যবস্থাপনা, যাত্রীসেবা এবং আন্তর্জাতিক মানের অবকাঠামো প্রয়োজন। এ জন্য দীর্ঘদিন পর সিভিল এভিয়েশনের বিভিন্ন আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব নিয়ম এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট অংশীজনের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে, সেগুলো চিহ্নিত করে ইতিবাচক পরিবর্তন আনা হবে।

বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামতের (এমআরও) সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশের উড়োজাহাজে বড় ধরনের ত্রুটি দেখা দিলে মেরামতের জন্য ভারত বা সিঙ্গাপুরে পাঠাতে হয়। দেশে এ ধরনের সক্ষমতা তৈরি করা গেলে সময় ও ব্যয় দুটোই কমবে।

তিনি জানান, সিভিল এভিয়েশন অ্যাক্ট ও সংশ্লিষ্ট বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। বিধিমালা প্রণয়নে এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে, যাতে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মকানুন তৈরি করা যায়।

এভিয়েশন ও পর্যটন খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে নদী, সমুদ্র, বনসহ পর্যটনের জন্য প্রয়োজনীয় অনেক সম্পদ রয়েছে। কিন্তু যথাযথ ব্যবস্থাপনার অভাবে দেশের পর্যটন সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। তাই পর্যটন ও এভিয়েশন খাতকে একসঙ্গে এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিমানবন্দরে যাত্রীসেবা উন্নয়নের বিষয়েও বিভিন্ন উদ্যোগের কথা জানান তিনি। তার ভাষ্য, আগে লাগেজ পেতে যাত্রীদের দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো। বর্তমানে এ সময় অনেক কমেছে। যাত্রী ও কার্গো দ্রুত খালাসের নির্দেশনা দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে বডি-ওন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের সরকার প্রকল্পটি বাতিল করলেও বর্তমান সরকার তা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলারের এ প্রকল্প বাস্তবায়নে জাপানের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। দেশের স্বার্থে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে।

তিনি বলেন, বর্তমানে শাহজালাল বিমানবন্দরে বছরে প্রায় ১ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনাল চালু হলে এ সক্ষমতা ২ কোটি ৪০ লাখের বেশি যাত্রীর সেবায় উন্নীত হবে।

সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান কেএম মুজিবুল হকসহ এভিয়েশন খাতের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, কূটনীতিক, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন। সম্মেলনটি সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

আরও

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

জাতীয়

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল...

২০২৬-০৯-১২ ১৯:০১

আবারও বেড়েছে লোডশেডিং, একদিনে ঘাটতি ১,২৬৪ মেগাওয়াট

জাতীয়

আবারও বেড়েছে লোডশেডিং, একদিনে ঘাটতি ১,২৬৪ মেগাওয়াট

দেশে আবারও বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ছুটির দিনেও দেশজুড়ে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এদিন ২৪ ঘ...

২০২৬-০৯-১২ ১৯:০০

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না :  প্রধানমন্ত্রী

জাতীয়

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩...

২০২৬-০৯-১২ ১১:২৯

গ্যাস সংকট রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

জাতীয়

গ্যাস সংকট রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। রাতদিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী গ্য...

২০২৬-০৯-১২ ১০:৪৬