রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের আল-ফোরকান মডেল স্কুল মাঠে দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়। ‘পরিবেশ দূষণকারী পরিত্যক্ত পণ্যের বিনিময়ে পরিবেশবান্ধব বৃক্ষ উপহার’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) চেয়ারম্যান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান (আপেল)।
সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রধান উপদেষ্টা ও সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি ফয়সাল আহমেদ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ কমাতে বৃক্ষরোপণের পাশাপাশি বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। পরিত্যক্ত প্লাস্টিকসহ পরিবেশ দূষণকারী বর্জ্যের বিনিময়ে গাছ উপহার দেওয়ার মতো উদ্যোগ মানুষকে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে এবং পরিবেশ সুরক্ষায় সচেতন হতে উৎসাহিত করবে।
তাঁরা এ ধরনের উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।