সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ জানান, গত ২৯ আগস্ট আল মদিনা শপিং মলের মালিক মাজহারুল ইসলাম একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি মামুন শিকদারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ওই সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ভিত্তিতে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
তিনি বলেন, সংবাদ প্রকাশের পরদিন মামুন শিকদার তাকে ফোন করে কেন ওই সংবাদ প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে কৈফিয়ত চান। একপর্যায়ে তাকে হামলা ও মামলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ডও সাংবাদিকদের শোনানো হয়েছে।
জহিরুল ইসলাম সিরাজ আরও বলেন, এর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সংবাদ প্রকাশের বিষয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে। একজন সংবাদকর্মী হিসেবে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ কারণে বিষয়টি সোনারগাঁ থানাকে অবহিত করে মামুন শিকদারের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি বলেন, একজন সাংবাদিক হিসেবে জনগণের সামনে তথ্যভিত্তিক সংবাদ তুলে ধরা তার দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলা, মামলা বা ভয়ভীতি দেখানো হলে তা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি করে।
এদিকে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে বলেও দাবি করেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ। তার অভিযোগ, সংশ্লিষ্ট রেস্টুরেন্ট, বেকারি ও মিষ্টি তৈরির কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।
অভিযোগের বিষয়ে কলাপাতা বার্গারের পরিচালক মামুন শিকদার বলেন, “আমি কোনো হুমকি দিইনি। আমি শুধু বলেছি, আপনি যে সংবাদ প্রকাশ করেছেন, সেখানে আমার বক্তব্য নেওয়া হয়নি। আমি চাইলে আইসিটি আইনে মামলা করতে পারি।”
সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ তার সহকর্মীদের কাছে বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।