বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে এবং স্থানীয় ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার দানিয়াপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করা হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু তপন কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু জ্ঞানদীপ ঘোষের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত কাজে বিদেশে অবস্থান করায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. দুলাল দত্ত।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সী ভক্ত-অনুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য রথযাত্রা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ভক্তিমূলক পরিবেশনায় পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আয়োজকরা জানান, সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও রথযাত্রা মহোৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।