মন্ত্রণালয়ের মতে, এতে শব্দদূষণ ও যানজট কম থাকবে, যা শনি ও রোববার অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য সহায়ক হবে। ওয়াইকেএস নামে পরিচিত এই পরীক্ষায় প্রতিবছর কয়েক লাখ শিক্ষার্থী অংশ নেয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে এই পরীক্ষায় পাস করতে হয়।
এর আগে তুরস্কের বিভিন্ন শহরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি বড় পর্দায় দেখানোর পরিকল্পনা করেছিল স্থানীয় কর্তৃপক্ষ। তবে মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর পৌর কর্তৃপক্ষগুলো সেই আয়োজন বাতিল করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সময় যাতে শিক্ষার্থীরা শব্দদূষণ বা অতিরিক্ত যানজটের কারণে কোনো ধরনের সমস্যার মুখে না পড়ে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ কোটি ৬০ লাখ মানুষের দেশ তুরস্কে ফুটবল খুবই জনপ্রিয়। ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে দেশটি। তবে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তুরস্ক কিছুটা পিছিয়েই আছে। গ্রুপ ‘ডি’তে দলটি নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরেছে। একই গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্রও।
১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তুরস্কের ম্যাচটি ইস্তাম্বুলসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হয়েছিল। সেই সময় পার্কগুলোতে দর্শকের ভিড় দেখা গেছে। দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশের একটি প্রাচীন অ্যাম্ফিথিয়েটারেও ম্যাচ দেখতে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হয়েছিলেন।