শোকজপ্রাপ্তরা হলেন, মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)।
রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। অ্যাটর্নি জেনারেলের নির্দেশক্রমে এই শোকজ জারি করা হয়েছে।
নোটিশে বলা হয়, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে ওই চার আইন কর্মকর্তা তার কক্ষে প্রবেশ করে বিচারপ্রার্থী ও অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন। এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর ইঙ্গিত দেন বলেও অভিযোগ করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দাবি, অভিযুক্তদের এসব কর্মকাণ্ডের ভিডিওচিত্র কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, এ ধরনের আচরণ গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল। এ কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।