মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে ৫ নভেম্বর

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে ৫ নভেম্বর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ৫ নভেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন দিন ধার্য করা হয়। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

তিনি জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন।

মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডনকে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ২৭ আগস্ট শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।

যেভাবে তদন্ত এগিয়েছে

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। তার মৃত্যুর পর প্রথমে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

অভিযোগটি তদন্তের জন্য আদালত সিআইডিকে নির্দেশ দেয়। ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি চূড়ান্ত প্রতিবেদন দিয়ে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন।

সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরউদ্দিন চৌধুরী রিভিশন মামলা করেন। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠায় আদালত। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট মহানগর হাকিম ইমদাদুল হক প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনেও হত্যার অভিযোগ নাকচ করা হয়।

সালমান শাহর বাবার মৃত্যুর পর তার মা নীলা চৌধুরী মামলাটি চালিয়ে যান। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে ‘নারাজি’ দেন। একই সঙ্গে ১১ জনের নাম উল্লেখ করে তাদের ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনার কথা জানান।

এরপর মামলাটি র‌্যাব তদন্ত করে। তবে রাষ্ট্রপক্ষ আপত্তি জানালে ২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ইমরুল কায়েশ র‌্যাবকে তদন্ত থেকে বিরত থাকার আদেশ দেন।

পরে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার বছর তদন্ত শেষে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় উপস্থিত ও সংশ্লিষ্ট ৫৪ জনের জবানবন্দি এবং জব্দ করা আলামত পর্যালোচনা করে সালমান শাহকে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পিবিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে পারিবারিক কলহ এবং স্ত্রী সামীরা হকের কারণে মা নীলা চৌধুরীর কাছ থেকে দূরে থাকার মানসিক যন্ত্রণায় সালমান শাহ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

তবে ওই প্রতিবেদনেও সন্তুষ্ট হননি নীলা চৌধুরী। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তিনি আরও তদন্তের দাবি জানান।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন। এরপর সালমান শাহর পরিবারের পক্ষ থেকে কয়েকটি বিষয় উল্লেখ করে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়।

২০২২ সালের ১২ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত রিভিশন আবেদন গ্রহণ করেন। তবে বিভিন্ন কারণে দীর্ঘদিন এর শুনানি হয়নি।

গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে সালমান শাহর বাবা কমরউদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত করে রমনা মডেল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলায় মোহাম্মদ আলমগীর অভিযোগ করেন, এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে হত্যা করেছে।

আরও

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আইন-আদালত

১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মা...

২০২৬-০৯-২৭ ১৯:৪২

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আইন-আদালত

হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ নভেম্বর দিন...

২০২৬-০৯-২৭ ১৪:২২

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

আইন-আদালত

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

সরকারি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ ক...

২০২৬-০৯-২৪ ২১:২৯

নারী ও শিশু নির্যাতন মামলা: হাইকোর্টের নতুন নির্দেশনা

আইন-আদালত

নারী ও শিশু নির্যাতন মামলা: হাইকোর্টের নতুন নির্দেশনা

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়ার কারণে কোনো মামলার বিচারকাজ স্থগিত বা...

২০২৬-০৯-২৩ ১৬:৪৪