সভায় অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার চিকিৎসা ও শিক্ষাখাতের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
এর ধারাবাহিকতায় নীলফামারী মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। খুব শিগগিরই এই মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাস, একাডেমিক ভবন ও হোস্টেলসহ আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, একটি মেডিকেল কলেজ শুধু চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান নয়, এটি একটি অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়নেরও গুরুত্বপূর্ণ ভিত্তি। নীলফামারী মেডিকেল কলেজকে একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ও প্রকল্প পরিচালক ডা. মো. মাছুদুর রহমান এবং পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম।
এ ছাড়াও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের আহ্বায়ক ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. জাবেদ আখতার, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন এবং দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।
অনুষ্ঠানে নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। কলেজ ডে উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি হয়।