মদিনার সব মসজিদে এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য আলাদা নামাজের স্থান থাকবে। ঐতিহাসিক মসজিদ ছাড়াও বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদগুলো এ সিদ্ধান্তের আওতায়।
এর আগে মদিনার অনেক এলাকার মসজিদে শুধু জুমার নামাজ, তারাবিহ, ঈদের নামাজ কিংবা ব্যস্ত মৌসুমে নারীদের নামাজের স্থান খোলা হতো। বছরের বাকি সময় এসব স্থান বন্ধ থাকত। নতুন অনুমোদনের ফলে এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় নারীদের জন্য এসব স্থান খোলা থাকবে। এর ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, বেড়াতে যাওয়া কিংবা ভ্রমণের কাজে থাকা কোনো নারীকে সময়মতো নামাজ আদায়ের জন্য বাড়ি ফিরে যেতে হবে না।