রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের কুমার নদী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী আশরাফ আলম সিদ্দিকী নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি এশিয়ান টেলিভিশনে সাংবাদিকতা করতেন। আহত মাহমুদ হাসান অনিক একই উপজেলার করফা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা হন আশরাফ ও অনিক। মুনসুরাবাদ এলাকায় কুমার নদী সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয় কয়েকজনের ধারণা, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে।
দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভাঙ্গা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আশরাফকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তাঁর মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।