অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পুরো প্রকল্পটির ব্যয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চার বিলিয়ন ডলারের কাজ করবে বেসরকারি খাত। বেসরকারি খাত যদি এই চার বিলিয়ন ডলারের অংশের মালিকানা না নেয় এবং এটিকে শুধু সরকারি প্রকল্প হিসেবে পরিচালনা করা হয়, তাহলে প্রকল্পটি সফল হবে না।’
তিনি বলেন, ‘তাই বেসরকারি খাতকে অবশ্যই এর সঙ্গে যুক্ত হতে হবে। পুরো প্রকল্পটিই মূলত বেসরকারি খাতের উন্নয়ন ও অর্থনীতিকে কেন্দ্র করে।’
অর্থমন্ত্রী বলেন, ‘সরকার এরইমধ্যে ১০ হাজার একর জমিতে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে চীনা ও কোরীয় অঞ্চল থাকবে। পাশাপাশি সেখানে একটি অঞ্চল প্রতিষ্ঠার জন্য আমরা জাপানকেও আমন্ত্রণ জানাচ্ছি।’
মূল প্রবন্ধে ইংমিং ইয়াং গত মে মাসে এডিবি প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় তিনি প্রধানমন্ত্রীকে আইজিএনডি প্রতিবেদনটি উপস্থাপন করেন এবং আগামী পাঁচ বছরে এ উদ্যোগে সর্বোচ্চ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার বিষয়ে এডিবির আগ্রহের কথা জানান।
ইংমিং ইয়াং বলেন, ‘বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর ও অন্যতম গতিশীল অর্থনৈতিক কেন্দ্র হিসেবে চট্টগ্রাম দীর্ঘদিন ধরে দেশকে আঞ্চলিক ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চট্টগ্রামের উন্নয়ন কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।’
স্থিতিশীল প্রবৃদ্ধি বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘গত কয়েক দশকে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস ও মানব উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির এই সময়ে উৎপাদনশীলতা, প্রতিযোগিতা সক্ষমতা ও স্থিতিশীল প্রবৃদ্ধি বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সেমিনারে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গণি, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইআরডির যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ বক্তব্য দেন।—বাসস