বর্তমানে আবুধাবিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। তবে বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি বেশি থাকার কারণে বাস্তবে গরমের অনুভূতি বা ফিলস লাইক টেম্পারেচার ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাচ্ছে।
এমন গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘সত্যি বলতে এটাই এখন একমাত্র সমস্যা। ছেলেদের মধ্যে যারা জাপান থেকে এসেছে তারা এখানে কিছুই করার সুযোগ পায়নি। এর মধ্যে এই ধরনের আবহাওয়া, দু’দিন ধরে প্রচুর গরম। এখানে মূল বিষয়টা হচ্ছে কীভাবে তারা মানিয়ে নেয়।’
বাংলাদেশের ক্রিকেটাররা ধীরে ধীরে গরমের সঙ্গে মানিয়ে নিচ্ছে বলে দাবি ক্যারিবীয় এই কোচের, ‘দিন শেষে এটা মানসিকভাবে মানিয়ে নেওয়ার ব্যাপার। তবে আজ তাদের দেখে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। এই গরমের মধ্যে প্রথম দিন হিসেবেও বেশ স্বাচ্ছন্দ্যেই ছিল। তাই আমি নিশ্চিত তারা খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’
আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের উইকেট নিয়ে সিমন্স বলেন, ‘আমি উইকেট দেখেছি, আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে আমার মনে হয় কিছুটা ধীরগতির হতে পারে। আমরা একটা ভালো উইকেটের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের বেশ কয়েকজন ভালো মানের স্পিনারের বিপক্ষে খেলতে হবে। এজন্য আমরা সবকিছুর জন্যই নিজেদের তৈরি করেছি। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে।’