জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, জন্মাষ্টমী উপলক্ষে এক দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। কিন্তু ৪ সেপ্টেম্বর শুক্রবার হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ উপলক্ষে আলাদা করে আর কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।
কারা ছুটি পাবেন?
জন্মাষ্টমীর সরকারি ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটি পাবেন।
তবে দিনটি শুক্রবার হওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠানে এটি এমনিতেই সাপ্তাহিক ছুটির দিন। ফলে জন্মাষ্টমীর জন্য নতুন করে অতিরিক্ত কোনো ছুটির দিন যুক্ত হবে না।
শুক্রবার যেসব বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প-কারখানা খোলা থাকে, সেখানকার কর্মীদের ক্ষেত্রে জন্মাষ্টমীর ছুটি প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা, শ্রম আইন ও সরকারি নির্দেশনার ওপর নির্ভর করবে। কোনো প্রতিষ্ঠানের ছুটির তালিকায় জন্মাষ্টমীর ছুটি থাকলে কর্মীরা সে অনুযায়ী ছুটি পাবেন।
সামনে আরও যেসব সরকারি ছুটি
২০২৬ সালের বাকি সময়ে কর্মদিবসে আরও কয়েকটি সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর এবং মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সরকারি ছুটি থাকবে।
অন্যদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। ফলে এসব ছুটির ক্ষেত্রেও অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি যুক্ত হবে না।