বৃহস্পতিবার দুপুরে কলেজটির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, “আগামী রোববারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। রোববারের মধ্যে হাফ ভাড়া চালু না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি পালন করবে।”
এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এর পরদিন উপজেলা প্রশাসন পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় মোগরাপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫৫ টাকা এবং সাধারণ যাত্রীদের জন্য ৭৫ টাকা নির্ধারণ করা হয়। তবে শিক্ষার্থীদের দাবি, ৫৫ টাকা নয়, তাদের জন্য **হাফপাস ভাড়া ৪০ টাকা** নির্ধারণ করতে হবে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, শিক্ষার্থীরা হাফপাসের দাবিতে আন্দোলন করেছে। পরে কিছুক্ষণ অবস্থান করে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।