মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর একটি ভিশন রয়েছে। তিনি শিক্ষাব্যবস্থায় ক্রীড়াকে আরও বেশি গুরুত্ব দিতে চান। আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে একটি বিষয় হিসেবে গণনা করা হবে। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রমে ক্রীড়াকে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, সেই লক্ষ্যেই এবার বড় পরিসরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে চারটি খেলায় অংশ নিয়েছে। খেলাগুলো হলো- দাবা, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াকে শিক্ষাব্যবস্থার একটি অনিবার্য উপকরণ হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। এটি সেই লক্ষ্য অর্জনে একটি বড় পদক্ষেপ। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন। এটি আরও বড় পরিসরে আয়োজন করা হবে।
বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষাবোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, ওয়াসা কুমিল্লার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া ও জেলা প্রশাসক মিজ রোজী আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।