মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩-এর বিচারক জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে বেতন তুলে সহকর্মীদের সঙ্গে পোশাক কিনতে মিরপুর-১ নম্বরে যান গার্মেন্টসকর্মী সাইমুন। এ সময় ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান নামে তিন ছিনতাইকারী কৌশলে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যান। সেখানে ছুরিকাঘাত করে তার বেতনের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা।
পরে গুরুতর আহত সাইমুনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন।
মামলার তদন্তে পুলিশ সাইমুনের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে এবং আসামিদের গ্রেপ্তার করে। ছিনতাই করা মোবাইল বিক্রির টাকাও উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা পরে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত। তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডের পাশাপাশি ছিনতাই করা মোবাইল ফোন কেনার দায়ে অপর আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।