রোববার (২৭ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, অত্র জেলার অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ, এনজিও, ক্রিয়াশীল রাজনৈতিক দল, স্থানীয় জনসাধারণ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে আইনের যথাযথ প্রয়োগ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করা হবে।
তিনি বলেন, “স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য প্রয়োজন স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোনো এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম পূর্বশর্ত হচ্ছে একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি।”
চলমান উন্নয়ন কার্যক্রমের সুফল যেন স্থানীয় জনগণ ভোগ করতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে বলেও জানান তিনি।
পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং ওপেন হাউস ডের মতো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত এলাকার চিহ্নিত সমস্যাগুলো দূর করতে নাগরিক সমাজ ও গণমাধ্যমের সহযোগিতা এবং মূল্যবান পরামর্শ কার্যকর ভূমিকা রাখতে পারে।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নবাগত পুলিশ সুপার বলেন, “অবৈধ অস্ত্রধারী, পেশাদার দখলদার, জনমনে আতঙ্ক সৃষ্টিকারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং যেকোনো অপরাধীদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে কঠোর।”
তিনি আরও বলেন, জেলার প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও পুলিশের অন্যান্য অফিস যেন জনবান্ধব হয় এবং পুলিশি সেবা যেন মানুষের জন্য আরও সহজতর হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “পুলিশ যে জনগণের বন্ধু, সেটা আমরা কথায় নয়, কাজে প্রমাণ করতে চাই।” পুলিশ ও জনগণের আস্থার সম্পর্ককে নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি—এই তিনটা মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।”
মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন নবাগত পুলিশ সুপার। পাশাপাশি পিরোজপুরের সাধারণ মানুষ এবং বৃহত্তর বরিশালের মানুষের ঐতিহ্যগত আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের ন্যায্য ও যুক্তিসঙ্গত সহযোগিতা কামনা করেন তিনি।