দুই দেশের চলমান শুল্কযুদ্ধের মধ্যে এ সমঝোতাকে সম্পর্কের বরফ গলার বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তির ফলে বিভিন্ন ভোক্তা পণ্যের দাম কমতে পারে। এতে মূল্যস্ফীতির চাপে থাকা মার্কিন ক্রেতারা কিছুটা স্বস্তি পেতে পারেন।
চুক্তি অনুযায়ী, চীন নির্দিষ্ট কিছু কৃষিপণ্য, সামুদ্রিক খাবার, কাঠজাত পণ্য, প্রসাধনসামগ্রী ও চিকিৎসা সরঞ্জামের ওপর শুল্ক কমাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ছোটখাটো গৃহস্থালি সরঞ্জাম, খেলনা, উৎসবের সাজসজ্জার সামগ্রী ও শিশুদের কার সিটের ওপর শুল্ক কমাবে।
একই সঙ্গে হোয়াইট হাউস জানিয়েছে, ২০২৭ ও ২০২৮ সালে প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি মেট্রিক টন কয়লা আমদানি করবে চীন। বাণিজ্যযুদ্ধ শুরুর আগে চীন ছিল মার্কিন কয়লার শীর্ষ পাঁচ আমদানিকারকের একটি। তবে পরবর্তী সময়ে দেশটির কয়লা আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
তবে দুই দেশের বাণিজ্য বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বিরল খনিজের ভবিষ্যৎ নিয়ে হোয়াইট হাউসের তথ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরল খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ শৃঙ্খলে ঘাটতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে দুই দেশ কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে এসব পণ্যের চালান পুনরায় উপযুক্ত মাত্রায় ফিরিয়ে আনার বিষয়েও কাজ করা হবে।
সূত্র: অ্যাক্সিওস